কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে মিয়ানমারের আরাকান আর্মির জন্য পাচারকালে বিপুল আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান-নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের নুরুল আলমের পুত্র মো. শাহজাহান (২৫), একই ইউনিয়নের আশারতলী গ্রামের বদিউজ্জামানের পুত্র মো. ইলিয়াছ এবং একই ইউনিয়নের ঘিলাতলী এলাকার এম. এ. সামাদের পুত্র আতিকুর রহমান (২৫)।
পুলিশ জানায়, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর (আরাকান আর্মি) জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে কয়েকজন ব্যক্তি রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতেই রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান-নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে রামু থানা পুলিশ।