সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুল এলাকার ব্যবসায়ী সালাউদ্দিনকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে তাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে—সে সংবাদে প্রকাশিত তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ব্যবসায়ী সালাউদ্দিন।
এক বিবৃতিতে তিনি বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ সততা, সুনাম ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি সবসময় স্বচ্ছ ও ইতিবাচক রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অন্যায়-অবিচারের সাথে জড়িত নন। বরং সমাজে ন্যায়, সত্য ও নৈতিকতার পক্ষে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে কিছু গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে। যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতার পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করলে তা একজন নির্দোষ মানুষের সামাজিক মর্যাদা ও সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যেন যথাযথ তদন্ত ও তথ্য যাচাই করা হয়, যাতে ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের কারণে কোনো সৎ ও সম্মানিত ব্যক্তির সম্মানহানি না ঘটে।
পরিশেষে তিনি প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।